আশরাফুল কবীরের কবিতা: স্মৃতিবিস্মৃতির সারি


দিন থেকে ক্রমেই হয়ে যাচ্ছে রাত

এ যেন রাতের আকুল প্রার্থনা,

সাত-নম্বর গলিতে আগের মতোই দাঁড়িয়ে আছে এক

নিস্পন্দ ল্যাম্পপোস্ট ক্ষয়ে যাওয়া আলো নিয়ে;

কালে-কালে মহল্লায় হয়েছে বেশুমার পরিবর্তন।


এ তিমিরের ভাষা বুঝি কোনো পাখি বোঝে না,

কান পাতলে ভেসে আসে কিছু অবোধ্য হিজিবিজি-- 

কিচিরমিচিরের বদলে বুলি ফুটিয়ে হেঁকে চলে কিছু মর্মঘাতী চিৎকার। 

ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে রাতের স্বতন্ত্র কর্মযোগ 

সুবহ সাদেকের টানে —


কিছু কথা বিলীন হয় কিছু মনে জমে থাকে, তবুও স্বতঃস্ফূর্ত 

পা টেনে নিয়ে চলে হাজার বছরের পুরানো স্রোতে

          — ঠায় দাঁড়িয়ে থাকা ইট-সুরকির এ লেনে। 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ