পেতে নয়, দিতে সব‌কিছু


নাসির আহমেদ কাবুল।।

কখনোই ঈশ্বরের নামে শপথ করিনি কিছু।

ঈশ্বরের চোখে চোখ রেখে কখ‌নোই বলিনি--

আমি ছোঁব  না তোমাকে কোনো‌দিনই।

তোমাকেই আমি ঈশ্বর ম‌নে ক‌রেছিলাম!


আমার গার্হস্থ্য  জীবন থে‌কে তু‌লে আনা সুখ-

রক্তকরবী, প্রজাপ‌তি--থির জ‌লে নীলপদ্ম

অর্ঘ্য করে ভালোবাসার নামে বিসর্জন দি‌য়ে

নিঃস্ব হ‌তে এতটুকু কষ্ট পাইনি কোনো‌দিন।


নিভৃতচারী এক প‌থিক ব‌লে‌ছিল পৃ‌থিবীটা

শ্বাপদ অরণ্য, হিরণ্ময় আকাশে ঈশ্বর থাকেন,

অযুত তারার মধ্য থে‌কে ধ্রুব‌কে ঈশ্বর‌  ভে‌বে

বেসেছিলাম ভা‌লো‌, পে‌তে নয় দিতে সব‌কিছু।


আমি তোমা‌কে পা্ইনি, পেয়ে‌ছিলাম সমুদ্র ও

নোনা জ‌লের সম্ভার, পেয়ে‌ছিলাম অ‌স্থির ঢেউ--

তল‌দে‌শে আরেক পৃ‌থিবী; অজানা অন্ধকার;

ঈশ্বরের মতো আরেক ঈশ্বর ম‌হিয়সী নারী এক।


১৬ই এপ্রিল, ২০২৬

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ